
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(১২ নভেম্বর)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল,অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ,১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা,২টি মোবাইল ফোন,নগদ ৩৯০ টাকা,১৮টি শাড়ি,১১টি কম্বল,আধা কেজি জিরা,দেড় কেজি কিসমিস,১২০টি চকলেট,১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী।জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















