
বারহাট্টায় জাতীয় পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:-নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ দিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে নির্ধারিত মাপের চেয়ে ছোট আকারের জাতীয় পতাকা টাঙিয়ে কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে।
রাষ্ট্রের সবচেয়ে পবিত্র প্রতীক ব্যবহারের ক্ষেত্রে এমন উদাসীনতা ও অসচেতনতায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।জাতীয় পতাকা বিধিমালা,১৯৭২ অনুযায়ী সরকারি ও আধা-সরকারি ভবন এবং অফিসে ব্যবহারের জন্য নির্দিষ্ট মাপ,অনুপাত ও সুনির্দিষ্ট নির্দেশনার কঠোর বিধান রয়েছে।কিন্তু অভিযোগ রয়েছে, বারহাট্টা উপজেলার ওই ভূমি অফিসে বছরের পর বছর ধরে এই বিধিমালার তোয়াক্কা না করে অত্যন্ত ছোট আকৃতির পতাকা ব্যবহার করা হচ্ছে।অথচ বিধিমালা অনুযায়ী,গুরুত্বপূর্ণ সরকারি ভবনে ব্যবহারের জন্য ১০:৬ বা ৬:৩.৫ ফুট অনুপাতে প্রমিত মাপের পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে,যেখানে লাল বৃত্তের অবস্থান এবং পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত নিখুঁত থাকার কথা। কিন্তু বাস্তবে এর কিছুই মানা হচ্ছে না।
উক্ত বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন ভূমি অফিসের নায়েব উজ্জ্বল চন্দ্র দত্ত দায়সারা মন্তব্য করে সাংবাদিকদের জানান,”দীর্ঘদিন ধরে এভাবেই লাল পতাকা টাঙানো হয়ে আসছে।যদি কোনো নির্দিষ্ট নিয়ম বা বিধান থাকে,তবে আমি সেই অনুযায়ী নিয়ম মেনে সঠিক মাপের পতাকা টাঙানোর ব্যবস্থা করব।একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন মন্তব্যে রাষ্ট্রীয় বিধিমালার প্রতি তাঁর অজ্ঞতা ও চরম উদাসীনতাই প্রকাশ পায় বলে মনে করছেন স্থানীয়রা।
উক্ত ঘটনাটি সম্পর্কে বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সম্মানের প্রতীক জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের অবহেলা কোনোভাবেই কাম্য নয়।অবিলম্বে এই ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলার প্রতিটি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে‘জাতীয় পতাকা বিধিমালা’কঠোরভাবে বাস্তবায়ন এবং এ ধরনের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 























