
পুলিশের সঙ্গে কথা বলায় নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি এবং থানায় জিডি
নেত্রকোনা জেলা প্রতিনিধি:-নেত্রকোনার দুর্গাপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি)করেছেন তিনি।
তোফায়েল আলম ভূঁইয়া দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি।জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে মাদক উদ্ধারে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ।এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়া।পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাঁকে একটি মুদি দোকানে ডেকে নিয়ে পুলিশের সঙ্গে কথা বলার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিক তোফায়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি আলোচনার কারণে জিডি করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানা গেছে।দুর্গাপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির একের পর এক ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।এর আগে গত অক্টোবরে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন।এ ছাড়া সম্প্রতি দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকেও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।পরপর এসব ঘটনার কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে।সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়া অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ওফিসার ইনচার্জ খন্দকার শাখের আহম্মেদের কাছে জান্তে চাইলে তিনি জানান অভিযোগ করা হয়েছে আমরা আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
প্রতিবেদকের নাম 























