
দুর্গাপুরে সাংবাদিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি
মোঃ সেকুল মিয়া,নেত্রকোনা জেলা প্রতিনিধি:-
নেত্রকোনার দুর্গাপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলী সোবহান এর কাছে লাখ লাখ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উক্ত ঘটনায় রইস মিয়া নামের এক ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,ভুক্তভোগী সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে অভিযুক্ত রইস মিয়া ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে তাঁর পথরোধ করে।একপর্যায়ে আসামিরা তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
উক্ত ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা ও বিচারের দাবিতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরে দুর্গাপুর থানার পুলিশ প্রধান আসামি রইস মিয়া সহ একাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলার অভিযোগ গ্রহণ করেন।
এই বিষয়ে দুর্গাপুর থানা-পুলিশ জানায়, সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।
প্রতিবেদকের নাম 























