
রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব
রায়পুরে দিনের বেলায় দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
এম এইচ সৌরভ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুরে দিনের বেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মৌলভী আনোয়ার উল্ল্যাহ চৌধুরী বাড়ির মরহুম প্রফেসর সাইফুল্লাহ চৌধুরীর বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।এই সুযোগে একদল ডাকাত বাড়ির ছাদের টিন ভেঙে ঘরে প্রবেশ করে।পরে তারা ঘরের কয়েকটি আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মরহুম প্রফেসর সাইফুল্লাহ চৌধুরীর স্ত্রী রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা।তাদের দুই ছেলে ও এক মেয়ে চাকরিজীবী।বড় ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। ছোট ছেলে ডাক্তার সওগাত চৌধুরী প্রতিদিনের মতো ঘটনার সময় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন।
দিনের বেলায় জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও হতবিহ্বলতা বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 










