
ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন রফিকুল ইসলাম। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁর আর্তচিৎকার শুনতে পান।এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা গাছের দিকে তাকিয়ে তাঁর শরীরে বিদ্যুতের আগুন জ্বলতে দেখেন।মুহূর্তের মধ্যেই গাছের ওপর তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন জানান,বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 






















