সাম্য,সম্প্রীতি ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চাই: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন
আপোষ জয়ধর, চট্টগ্রাম :- চট্টগ্রাম নগরীকে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের জন্য এক নিরাপদ, সুন্দর ও সম্প্রীতির নগরীতে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

সম্প্রতি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি এমন একটি 'রংধনু শহর' গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষ মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও সমান অধিকার নিয়ে বসবাস করবেন।”
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের কথা উল্লেখ করে চসিক প্রশাসক আরও বলেন, “আমরা ১৭ বছর ধরে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। কাউকে জোর করে সমর্থক বানানো যায় না; মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হয় কাজের মাধ্যমে।”
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতীম বড়ুয়া (অপু), সহ-সভাপতি সাগর বড়ুয়া (ববি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক অনন্ত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, দপ্তর সম্পাদক ইন্দ্রজিৎ বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক চৈতী বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সুদূরপ্রসারী ও কার্যকর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে নগরীর সর্বস্তরের মানুষের সমান অধিকার, নাগরিক সুযোগ-সুবিধা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।