ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার
বাবলু বড়ুয়া, ব্যুরো প্রধান চট্টগ্রাম:-চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকায় কক্সবাজারগামী এক তরুণকে অপহরণ করে মারধর, ডাকাতি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আন্তর্জাতিক অপরাধচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশ।

এদের মধ্যে একজন কর্মরত পুলিশ কনস্টেবলও রয়েছেন বলে জানা যায়।অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগীর লুণ্ঠিত বিলাসবহুল মোটরসাইকেলসহ মোট ৩টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ:
মামলার বাদী মারুফুর রহমান অপু (২২) গত ১৬ অক্টোবর ২০২৬ রাত ১০টার দিকে বন্ধুদের সাথে ৩টি মোটরসাইকেলে চড়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় খুলশী থানাধীন ফয়েজ লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেট কার ও ২টি মোটরসাইকেল তার গতি রোধ করে।
গাড়ি থেকে আসামিরা নেমে মারুফের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং তাকে অহেতুক গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে শরীরে আঘাত প্রাপ্ত করে। পরবর্তীতে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কারে তুলে অপহরণ করা হয়।অপহৃতা অবস্থায় আসামিরা তাকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাত আনুমানিক ৩:০০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় নিয়ে যায়। সেখানে মারুফের ২০,০০০ টাকা মূল্যের ভিভো (Vivo) মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
যেভাবে গ্রেপ্তার করা হলো চক্রের সদস্যদের:
ঘটনার কিছুদিন পর, ভুক্তভোগী মারুফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অনিক’ নামীয় এক ব্যক্তির আইডিতে একটি মোটরসাইকেল বিক্রির স্টোরি দেখতে পান। নিজের লুণ্ঠিত অন-টেস্ট 'Yamaha R15 R2M' মোটরসাইকেলটি চিনতে পেরে তিনি ক্রেতা সেজে মেসেঞ্জারে যোগাযোগ করেন। ৫,৩০,০০০ টাকায় চুক্তি চূড়ান্ত করে তিনি ৫,০০০ টাকা অগ্রিম প্রদান করেন এবং বায়েজিদ লিংক রোড পুলিশ বক্সের সামনে বাইকটি হস্তান্তরের কথা নির্ধারিত হয়।
বিষয়টি খুলশী থানাকে অবহিত করা হলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন, এসআই মোঃ জালাল আহমেদ, এএসআই মোঃ জাকির হোসেন ও এএসআই মোঃ এরশাদ আলমসহ একটি বিশেষ দল গত ২০ অক্টোবর ২০২৬ বায়েজিদ লিংক রোড এলাকায় অভিযান চালায়।
অভিযানে প্রথমে মূল ফাঁদ পাতা আসামি অনিক দাশ (২৭)-কে গ্রেপ্তার করা হয়। সে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত একজন পুলিশ কনস্টেবল। অনিক দাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন বিটাক বাজার এলাকা থেকে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন অনিক ওয়াহিদ (৩৯) ও মহিউদ্দিন সেলিম (৫২)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়তলী ফইল্লাতলি বাজারের একটি গ্যারেজে অভিযান চালিয়ে মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ড (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বাদীর লুণ্ঠিত প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের Yamaha R15 R2M মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত আরও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা:
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামি ও তাদের অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে খুলশী থানায় দণ্ডবিধির ৩৬৫/৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা (মামলা নং- ২৯, তারিখ: ২০/১০/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।