প্রকাশ্যে গুলি করে সাংবাদিক আলিফ ফকিরের জীবন প্রদীপ নিভিয়ে দিলো দুর্বৃত্তরা
নেত্রকোনা জেলা প্রতিনিধি:-নেত্রকোনার দুর্গাপুরে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে প্রকাশ্যে এক চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির।তিনি বেসরকারি আইপি টিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে স্থানীয় নানা অনিয়ম ও অপরাধচিত্র প্রকাশ করতেন।তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
যেভাবে ঘটল হত্যাকাণ্ড:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,ঘটনার সময় লুৎফুজ্জামান দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন।চা পান শেষ করে বের হওয়ার ঠিক আগমুহূর্তে দুজন যুবক দোকানে এসে সিগারেটের কথা বলে।এর পরপরই তারা লুৎফুজ্জামানকে লক্ষ্য করে অতর্কিতে পর পর কয়েকটি গুলি ছোড়ে।
গুলির বিকট শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে গিয়ে পূর্বে ওত পেতে রাখা একটি মোটরসাইকেলে উঠে দ্রত সটকে পড়ে।পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য:
ঘটনার পর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান,নিহত সাংবাদিকের মাথা,গলা,বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট ৫ টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
উক্ত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।তিনি জানান, প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।
পূর্বে হামলার শিকার হয়েছিলেন:
উল্লেখ্য,সাংবাদিক লুৎফুজ্জামানকে এর আগেও একবার হত্যার চেষ্টা করা হয়েছিল।গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ছিল জানা যায়।